বৃহস্পতিবার থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আজকের জন্য নির্ধারিত অবস্থান কর্মসূচি স্থগিত করার কথাও জানান তারা।
সাত কলেজের সমন্বিত আন্দোলনের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন,
“শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।”
তিনি আরও বলেন,
“আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।”
শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের আন্দোলন নয়; বরং এটি তাদের ভবিষ্যৎ, অধিকার ও উচ্চশিক্ষার কাঠামোগত স্বীকৃতি আদায়ের দীর্ঘ লড়াই।