ছয়সূতীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত, রাজনৈতিক ও সাংবাদিক মহলের শোক
কুলিয়ারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক ও দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরবআলী চক বাজারে মরহুম আহমেদ ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মো. শাহ আলম, উপজেলা বিএনপির প্রচার ও মিডিয়া সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদী, সাংবাদিক মোহাম্মদ কাইসার হামিদ, মো. হারুন চৌধুরী, মো. নাইমুজ্জামান নাঈম, মো. মাইন উদ্দিন, মো. আরিফুল ইসলাম, মো. সবুজ মিয়া, মো. লোকমান হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, আহমেদ ফারুক রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে আহমেদ ফারুক জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডে পত্রিকাসহ একাধিক জাতীয় ও ইংরেজি দৈনিকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন।