জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তাদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।
র্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর–বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।
র্যাব সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে ট্রাকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।