ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ভোটারদের জন্য যা প্রয়োজন হবে, তাই করবেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক এখন সারা দেশের একটি ব্যাধি। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ তুলনা না করার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, “দুটি পৃথক অর্জনই গৌরবের।”
নিজ জীবনের শেষ প্রান্তে এসে মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব।”