ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৬
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেই পরিবর্তনের পথ দেখাবে সাধারণ মানুষ। তিনি মনে করেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই পুরাতন রাজনীতির হিসাব ভেঙে পড়বে।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।
পোস্টে তিনি বলেন, “পরিবর্তন আসবেই। আমাদের ম্যাজিক সংখ্যা ৫। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে ৫ জন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।”
তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের পছন্দ। সেই পছন্দকে কারি কারি টাকা, উচ্চশব্দের মাইকিং কিংবা অবৈধ রঙিন পোস্টার দিয়ে উল্টে দেওয়া যায় না। এসব প্রচলিত পদ্ধতির পরিবর্তে তারা আন্তরিক আলাপচারিতাকে বেছে নিয়েছেন।
ডা. তাসনিম জারা আরও বলেন, “এই শুক্র ও শনিবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে মাত্র চারটি ছুটির দিনের মধ্যে আজ ও কাল—এই দুই দিন। তাই অনুরোধ, এই সময়ের মধ্যেই মাত্র ৩০ মিনিট সময় বের করে প্রিয়জনের সঙ্গে আমাদের কথা বলুন।”
ভোটারদের উদ্দেশে তিনি বিশেষভাবে স্মরণ করিয়ে দেন, তাদের নির্বাচনী প্রতীক ফুটবল (⚽️)। তিনি বলেন, অনেকেই এখনো ভুল করে তাদের প্রতীক ‘শাপলা কলি’ মনে করছেন। এই ভুল ধারণা সংশোধন করাটাও গুরুত্বপূর্ণ।
পোস্টের শেষ অংশে তাসনিম জারা বলেন, “রাজনীতি বদলাবেই। ঢাকা-৯ এর মানুষই সেই পথ দেখাবেন। রাজনীতি বদলাবেই।”