বরিশাল, ৩০ জানুয়ারি ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) তিনি বরিশালে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান, আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান।
বিলকিস জাহান শিরিন বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তিনি জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারণকারীর কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে সফরের বিষয়টি নিশ্চিত হন। তিনি আরও জানান, ঘোষিত এই সফরসূচিই চূড়ান্ত।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান যশোর থেকে আকাশপথে বরিশাল পৌঁছাবেন। জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।
এদিকে, তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীসহ বিভাগীয় ও মহানগর বিএনপি এবং বিভাগের আট জেলার নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানান বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন কেবল তারেক রহমানের আগমনের অপেক্ষা।
তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে শনিবার বরিশাল বিভাগের বিএনপি নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারেক রহমান।
এর আগে গত ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল হয়ে যায়। নতুন তারিখ ঘোষণায় বিলম্ব হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল বাড়ছিল। অবশেষে সফরের দিন চূড়ান্ত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন তিনি। নির্বাচনের আগমুহূর্তে এই সফরকে বরিশালের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা।