বগুড়া, ৩০ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। আগামীতেও বগুড়াসহ সারা দেশের উন্নয়নে বিএনপি কাজ করতে চায় বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন— বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বগুড়ার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক কাজ করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এর আগে তারেক রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।