লক্ষ্মীপুর, ৩০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়ে ক্ষমতায় এলে বাংলাদেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না এবং দেশের নেতৃত্ব তুলে দেওয়া হবে যুবকদের হাতে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। বরং তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাতে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম জুলাইযোদ্ধাদের অন্তরে জায়গা করে দেব—আমরা কথা রেখেছি। জুলাই এসেছে বলেই আজ নির্বাচন হচ্ছে, দেশ নতুন করে স্বপ্ন দেখছে। অথচ কেউ কেউ আজ সেই জুলাইযোদ্ধাদের অস্বীকার করছেন—এটা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।
তিনি অভিযোগ করেন, যাদের কারণে অনেকেই কারামুক্ত হয়েছেন, দেশে ফিরে এসেছেন এবং নির্বাচন সম্ভব হয়েছে—তাদেরই আজ অস্বীকার করা হচ্ছে।
সমাবেশে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি ও জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।