রংপুর, ৩০ জানুয়ারি ২০২৬
জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কবর জিয়ারতকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ রংপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এজেডএম জাহিদ হোসেন বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে নিজ গ্রামে দাফন করা হয়।
আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তিনি জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।