ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি পিস্তল, গোলাবারুদ, মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত বুলেট গ্রুপের প্রধানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত বুলেট গ্রুপের প্রধান মোঃ নুরুল আমিন (৩৭) ও তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং স্থানীয়ভাবে ‘বুলেট গ্রুপ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করছিল।
জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।