ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)
যশোর ও ঝিনাইদহ জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে একটি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাকিব সরদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই সময় ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন মন্ডলতলা গ্রামে পরিচালিত আরেকটি যৌথ অভিযানে একটি বাড়ির আঙিনায় খড়কুটার ভেতর থেকে ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, জনসাধারণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।