ঢাকা | ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন নাহিদ ইসলাম। রিট আবেদনে অভিযোগ করা হয়, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন, যা নির্বাচন আইন অনুযায়ী গুরুতর অনিয়ম।
রিটে বলা হয়, বিদেশি নাগরিকত্ব নিয়ে জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও ড. এম এ কাইয়ুমকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়েছে। তাই তার প্রার্থিতার বৈধতা স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এই রিটের ফলে ঢাকা-১১ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।