ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশ ও জনগণের কল্যাণে সর্বোত্তম নীতি ও কার্যকর আইডিয়া উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় নামতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান জামায়াত আমির। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আমি আমার বিরোধীদের স্বাগত জানাই। আসুন, আমরা ধারণার লড়াইয়ে অংশ নিই এবং দেখি—কে এই দেশের জনগণকে আরও ভালোভাবে সেবা দিতে পারে।”
পোস্টে তিনি আরও লেখেন, নীতি নিয়ে গঠনমূলক বিতর্ক, জনগণের কথা শোনা এবং দেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়নই হওয়া উচিত রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা ও শ্রবণের একটি ভিন্ন রাজনৈতিক ধারা উপস্থাপন করছে। তার ভাষায়, “জনগণ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের এই বক্তব্য চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নীতি ও আইডিয়াভিত্তিক রাজনীতির আলোচনা নতুন মাত্রা যোগ করতে পারে।