কিশোরগঞ্জ | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পঁচা ও বিভাজনমূলক রাজনীতি নয়—২০২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “পঁচা রাজনীতি দিয়ে আর দেশ চালানো যাবে না। নতুন প্রজন্ম পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নারী ইস্যুকে ব্যবহার করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “নারী ইস্যুকে হাতিয়ার করে কিছু গ্রুপ আমাদের পেছনে লেগেছে, কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র বুঝে গেছে।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের প্রকৃত রায়কে আমরা সম্মান করতে প্রস্তুত এবং সেই রায়কে অভিনন্দন জানাতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।”
আইডি হ্যাক সংক্রান্ত বিতর্ক নিয়েও কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, “আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যবসা করছে।”
তার বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।