ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গাজিপুরে ২০১৬ সালে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাত যুবককে হত্যার অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই ফরমাল চার্জ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ সালে গাজিপুরে একটি পরিকল্পিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে সাতজন যুবককে হত্যা করা হয়। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফরমাল চার্জে আসামি হিসেবে নাম রয়েছে—সাবেক আইজিপি এ কে এম শহিদুল ইসলাম, জাবেদ পাটয়ারি, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলামসহ মোট ১০ জনের।
প্রসিকিউশন সূত্র জানায়, অভিযোগ গঠনের পর ট্রাইব্যুনাল তা গ্রহণ করলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই মামলাটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে সংঘটিত কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।