ঢাকা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের জন্য প্রাণিজ আমিষের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রি করা হবে।
💰 নির্ধারিত বিক্রয়মূল্য
এই কর্মসূচির আওতায়—
- ড্রেসড ব্রয়লার : প্রতি কেজি ২৪৫ টাকা
- পাস্তুরিত দুধ : প্রতি লিটার ৮০ টাকা
- ডিম : প্রতি পিস ৮ টাকা
- গরুর মাংস : প্রতি কেজি ৬৫০ টাকা
এসব পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ঢাকা শহরের বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ব্রয়লার বিক্রির উদ্যোগ নেওয়া হবে।
📍 ঢাকা শহরে বিক্রয় কেন্দ্র
প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে—
সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী, বাড্ডা, বনানী কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর (বাবর রোড ও বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার এলাকা।
এছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।