ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার)
নব্য প্রার্থীদের উদ্দেশে বিএনপির প্রবীণ নেতা ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না। দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠিন পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার এক নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন,
“আপনারা মুসলমান আর বুকে পাটা থাকলে বায়তুল মোকাররম মসজিদের সামনে আমার নামে শালিস বসান। কোনো অসুবিধা নেই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে।”
নিজের জীবনসংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, তার বয়স এখন ৭৫ বছর। চুরি-ডাকাতি করে নয়, নিজ হাতে কাজ করেই আজকের অবস্থানে পৌঁছেছেন।
মির্জা আব্বাস জানান, ১৯৭৪ সালে তিনি কন্ট্রাক্টরির কাজ শুরু করেন। একসময় ঠিকাদারি ও বৈদ্যুতিক ঠিকাদার হিসেবেও কাজ করেছেন।
তিনি বলেন,
“বিল্ডিংয়ের কাজ জানি, নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি।”
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন,
“চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর ও প্রচারে থাকা যায়।”
প্রচারে থাকতে চাইলে আরও অনেক রাস্তা আছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে মির্জা আব্বাস জানান, ১৯৭৭ সাল থেকে তিনি ঢাকার রাজনীতিতে সক্রিয়।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন,
“একটা লোকও আমার সম্পর্কে কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না।”