প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আব্দুলপুর জংশনে ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে।
নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের দোকান পার হওয়া বাদ দিয়ে বিপরীত দিকে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন।
ঠিক তখনই চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর তিনি দু’একবার হালকা ঝাঁকুনি দেন এবং ২–৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, “আমরা এই দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ চলছে। কীভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”