প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, আর এ দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। তিনি বলেছেন, দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করছে বা করতে চায়, তাদের বাংলাদেশে কোনো স্থান থাকবে না।
শুক্রবার সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ প্রকৃত পরিবর্তন ও ইনসাফ চায়। তিনি দেশজুড়ে চলমান চাঁদাবাজি, জমি দখল ও শারীরিক নির্যাতনের ঘটনা কঠোরভাবে সমালোচনা করেন।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর আর কোনো নতুন জালেমকে দেশ ভোগাবে না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঋণখেলাপি ও ভূমিদস্যুদের পরাজিত করার সুযোগ হিসেবে অভিহিত করেছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সৎ ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচন করতে হবে।
জনসভায় ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা একমত পোষণ করেন যে, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য জনবান্ধব ও নীতিবান নেতৃত্বকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা এখন সময়ের দাবি। জনসভায় বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।