কলম্বো | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভেন্যু পরিবর্তন ও বয়কট সিদ্ধান্তকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাংলাদেশ ও পাকিস্তানের বয়কট ঘিরে চলমান বিতর্ক বিশ্বক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে, যা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক যেন কোনোভাবেই থামছে না। ভেন্যু পরিবর্তনের দাবিতে বাংলাদেশের আবেদনকে গুরুত্ব না দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাল-সবুজ প্রতিনিধিদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গ্রুপ পর্বে কলম্বোয় অনুষ্ঠিতব্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। পাকিস্তানকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
এই বয়কট বিতর্ককে পেছনে রেখেই আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস।
২০ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে। দুই দেশে ম্যাচ হওয়ায় অধিনায়কদের ফটোসেশনও হয়েছে আলাদাভাবে। ভারতের ম্যাচ থাকা দলগুলোর ফটোসেশন হয়েছে মুম্বাইয়ে এবং শ্রীলঙ্কায় খেলতে যাওয়া দলগুলোর ফটোসেশন হয়েছে কলম্বোয়। পরবর্তীতে আইসিসি প্রযুক্তির মাধ্যমে দুটি ছবি একত্র করে একটি কোলাজ প্রকাশ করে।
এবারের বিশ্বকাপে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। তবে ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় বয়কটের সিদ্ধান্ত নেয় বিসিবি। ফলে বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত হয় স্কটল্যান্ড।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল জায়গা পাবে সুপার এইটে। সুপার এইটে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। সেখানে তিনটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন। গত আসরের মতোই পুরোনো ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ক্রিকেটের উত্তেজনার চেয়েও বিশ্বকাপের শুরুটা হচ্ছে বয়কট ঘিরে তৈরি হওয়া বিতর্ক দিয়ে।