ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি কার্যক্রম বন্ধ করতে ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি তেল পরিবহনে ব্যবহৃত ১৪টি জাহাজের সঙ্গে যেকোনো ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হবে। এসব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল আমদানি বন্ধে অন্যান্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করে আসছে এবং ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা জারি করছে।
এদিকে, চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে শুক্রবার ওমানের মাস্কাটে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। ইরানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে আরও যোগ দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার।