ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, তিন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তারা হলেন—
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার
২. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য
নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।