ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির প্রায় ৫৪ শতাংশ ভোটের বিপরীতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করলেও জাতীয় ভোটের ফলাফল একটি গভীর ও জটিল বাস্তবতা তুলে ধরেছে।
তিনি লিখেছেন, “বিএনপির প্রায় ৫৪ শতাংশ ভোটের বিপরীতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোট কাঠামোগতভাবে তাদের যথাযথ মূল্যায়ন পায় না। তার দাবি, ৫৩টি আসনে বিএনপি মাত্র কয়েকশ থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এর মধ্যে কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে।
জামায়াত আমির বলেন, নির্দিষ্ট আসনে ভোটের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে আইনগত কাঠামোর মধ্যেই পুনর্গণনা ও আইনি প্রতিকারের চেষ্টা চালানো হচ্ছে।
গণভোটের ফলাফল প্রসঙ্গ
তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ও গণভোটে ৪ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২ লাখ ৫ হাজার ৬৫ হাজার ৬২৭ জন ‘না’ ভোট দিয়েছেন। এতে প্রায় ৬৮ শতাংশ বৈধ ভোট সংস্কারের পক্ষে এসেছে বলে তিনি দাবি করেন।
তার ভাষায়, “এটি পরিবর্তনের জন্য স্পষ্ট একটি জাতীয় ম্যান্ডেট। নতুন সরকার যেন এই ম্যান্ডেটকে সম্মান করে।”
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান
ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষতার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো সহিংসতা বা অনিয়মের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বিএনপির নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা এবং আইন লঙ্ঘনকারী যেকোনো কর্মীকে জবাবদিহির আওতায় আনা উচিত।
পোস্টের শেষাংশে তিনি শান্ত ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন, আমরা শান্ত ও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাই।”