প্রকাশ : ফেসবুক গণমাধ্যম এ নাছির উদ্দীন নাছির
১৬ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, এনসিপির হান্নান মাসউদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার দাবি, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা দায়িত্বজ্ঞানহীন আচরণ।
সময়সংক্রান্ত অসঙ্গতির দাবি
নাছির উদ্দীনের বক্তব্য অনুযায়ী, নথিভুক্ত তথ্য বলছে অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনা ঘটানোর দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী।
তার ভাষ্য, হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টার বেশি সময় প্রয়োজন হওয়ায় একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ।
কর্মসূচি স্থগিতের প্রসঙ্গ
পরিস্থিতির প্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। নাছিরের মতে, এ সিদ্ধান্ত ঘটনাটির ভিন্ন মাত্রা তুলে ধরে
‘মব তৈরির অপচেষ্টা’ অভিযোগ
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার প্রচেষ্টা সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।
তিনি সংশ্লিষ্টদের প্রতি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও অপপ্রচারের দায় স্বীকারের আহ্বান জানান।
পোস্টের শেষে তিনি লেখেন—
“সত্য প্রতিষ্ঠিত হোক। অপপ্রচার বন্ধ হোক। এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করা হোক।”