রংপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৬
রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র্যাব-১৩)। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী জানান, জেলা ও দায়রা জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিন (৬০) রায় ঘোষণার পর এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি আভিযানিক দল ১৯ ফেব্রুয়ারি বদরগঞ্জে অভিযান চালায়। রংপুর জেলার বদরগঞ্জ পৌর শহরের পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফি উদ্দিন রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার কুশা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
র্যাব-১৩ জানায়, গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।