নরসিংদী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। পোস্টে তিনি দাবি করেন, নরসিংদীর মাধবদীতে প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে।
তিনি আরও অভিযোগ করেন, ভুক্তভোগীর বাবা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান ধর্ষকদের কাছ থেকে টাকা নিয়ে আপসের চেষ্টা করেন এবং মামলা করতে বাধা দেন। এমনকি মেয়েটির পরিবারকে এলাকা ছাড়ার কথাও বলা হয় বলে দাবি করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আরও লেখেন, চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন তার বাবা। সে সময় তাকে আবার তুলে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সরিষাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে এমপি হাসনাত আবদুল্লাহর মতে, এটি যথেষ্ট নয়। তিনি মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এবং সংশ্লিষ্ট রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখার আহ্বান জানান।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি।