ঢাকা | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিশ্চিত হলে সরকার ভালোভাবে কাজ করতে পারবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
তারেক রহমান বলেন, ‘আমরা এ দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরই কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।
নিরাপত্তা, দুর্নীতি ও গোপনীয়তা
তিনি বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব।’
এছাড়া দেশের থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আশা প্রকাশ করেন। পাশাপাশি দেশের স্বার্থে গোপনীয়তা রক্ষা করতে নির্দেশনা দিয়েছেন।
সভায় উপস্থিত কর্মকর্তা ও উপস্থাপনা
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মতবিনিময় সভার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিশ্চিত হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও মেনিফেস্টোর প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।