কুলিয়ারচর, কিশোরগঞ্জ:০৪ মার্চ ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের ২৮ দিন পর চার মাস বয়সী শিশু আশরাফুলের মরদেহ বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির আপন চাচি রুপা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারকৃত রুপা আক্তার (২০) হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে আবদুল হাকিমের সঙ্গে রুপার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। আট মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে ভরণপোষণ ও পারিবারিক সম্পর্ক নিয়ে বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে।
স্বীকারোক্তিতে রুপা জানান, দীর্ঘদিনের মানসিক কষ্ট ও ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে সুযোগ বুঝে শিশুটিকে দোলনা থেকে নিয়ে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকিতে ফেলে দেন।
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে বুকের দুধ খাইয়ে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। তখন শিশুটি ঘরের ভেতরে দোলনায় ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর ফিরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার ২৮ দিন পর টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মরদেহ উদ্ধার হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।