০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা বজায় রাখতে তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।”
পরে রাতে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্যাংক হিসাবের তথ্য তলব যেভাবে প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তিনি জানান, এ বিষয়ে কোনো বিভ্রান্তি না রাখতে নিজেই ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।
ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় উপদেষ্টার পদ ছেড়ে দেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।