শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ঢাকা | ০৫ মার্চ ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও শিক্ষকদের সেবাপ্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়। তাদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিষয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরও কার্যকর করতে হবে।
কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষাখাতে সেবার গতি ও মান বাড়ে।
তিনি বদলি প্রক্রিয়ায় তদবির বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা চালু করা যেতে পারে, যেখানে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারবেন।
এ সময় কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যার দ্রুত সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
সভায় শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।