দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত দম্পতি, জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন
ধামইরহাট (নওগাঁ) | ০৫ মার্চ ২০২৬
নওগাঁর ধামইরহাট উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক দম্পতির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় রাজু হোসেন (২৭) ও তার স্ত্রী সাদিয়া আক্তার গুরুতর আহত হয়েছেন। তাদের গলা ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। বর্তমানে তারা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজু হোসেন ওই এলাকার মৃত ওয়াহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ইটভাটায় শ্রমিকের কাজ শেষে বাড়িতে ফেরেন রাজু। পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাজু হোসেনের গলায় আঘাত করে। একই সময় শাবল দিয়ে তার স্ত্রী সাদিয়া আক্তারের মাথায় আঘাত করা হয়।
এ সময় রাজুর মা সাবিনা আক্তার ছেলে ও পুত্রবধূর চিৎকার শুনে পাশের ঘর থেকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ধরনের মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।