প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিনা শর্তে ইরান আত্মসমর্পন করবে শত্রুদের এমন প্রত্যাশাকে আমরা দুরাশায় পরিণত করবো। তাদের স্বপ্নকে আমরা কবরে পাঠিয়ে দেব।
তিনি প্রতিবেশী দেশগুলোতে ইরানের সামরিক হামলার বিষয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ইসরায়েল-মার্কিন আগ্রাসনে আমরা সর্বোচ্চ নেতাকে হারিয়েছি, শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হারিয়েছি। কমান্ডারবিহীন অবস্থায় আমাদের সশস্ত্র বাহিনী জীবনবাজি রেখে যুদ্ধ করছে যাতে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি।
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোতে হামলা করতে চাই না। যেমনটি আমরা আগেও বহুবার বলেছি প্রতিবেশীরা আমাদের প্রিয় ভাই এবং আমরা সবাই হাতে হাত মিলিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারি।
তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমরা চেষ্টা করছি জনগণের যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু আমরা এক সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। পবিত্র এই রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান দান করেন যাতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের জাতির সম্মান রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি।
তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিছু সশস্ত্র গ্রুপ রয়েছে যারা মনে করে এখনই ইরানের ভেতরে হামলা চালানোর সুযোগ-তাদেরকে বলতে চাই তারা যেন সাম্রাজ্যবাদীদের হাতিয়ারে পরিণত না হয়।