ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিমন্ত্রীর বক্তব্য
ময়মনসিংহ | ০৮ মার্চ ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, নারীকে স্বাবলম্বী করতে পড়াশোনা অপরিহার্য। নারী ও পুরুষ সমানভাবে এগোলে দেশ আরও সুন্দরভাবে গড়ে উঠবে। তিনি নারীদের পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে উপরে ওঠার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন রোববার সকাল ১১টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত র্যালি শেষে স্থানীয় অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। যদি নারীর উন্নতি না হয়, তাহলে পুরুষদের উন্নতি সার্থক হবে না। নারী-পুরুষ সমান তালে এগোতে হবে, আর নারীদের স্বাবলম্বী করতে পড়াশোনার বিকল্প নেই।”
সভায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি সম্পন্ন হয়।