তেহরান, ১১ মার্চ ২০২৬
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযান’ শুরু করেছে। ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, গত রাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এবং এই অঞ্চলে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অভিযানের বিষয়ে আইআরজিসি বলেছে, নির্দিষ্ট লক্ষ্য ও সক্ষমতা নিয়ে তারা ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাবে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “এই যুদ্ধের ধারাবাহিকতায় শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো বিকল্প আমরা ভাবছি না। যুদ্ধ তখনই শেষ হবে, যখন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি সরে যাবে।”
অন্যদিকে মঙ্গলবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, শত্রুকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটবে না।
বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।