ঢাকা, ১১ মার্চ ২০২৬
সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা শুরু হয়।
এর আগে গত সোমবার জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
জানা গেছে, এই বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় সংসদ–এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে।
এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠনসহ সংসদের বিভিন্ন কার্যপ্রণালি নিয়েও আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন অধিবেশনকে সামনে রেখে সংসদের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও বৈঠকে মতবিনিময় হবে।