ঢাকা, ১১ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন পাঁচজন সংসদ সদস্য প্রার্থী। ভোট কারচুপির অভিযোগ তুলে বুধবার (১১ মার্চ) তারা এই মামলা দায়ের করেন।
মামলাকারীদের মধ্যে রয়েছেন ঢাকা-১৩ আসনের মাওলানা মামুনুল হক, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।
ঢাকা-১৩ আসনে নির্বাচনে জয়ী হয়েছেন ববি হাজ্জাজ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।
গাইবান্ধা-৫ আসনে জয়ী হয়েছেন আব্দুল ওয়ারেছ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।
ঢাকা-৫ আসনে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, যিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
অন্যদিকে কুষ্টিয়া-৪ আসনে মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।
মামলাকারীরা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট কারচুপি ও অনিয়ম হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে নির্বাচনের ফল পুনর্বিবেচনার জন্য তারা হাইকোর্টে আবেদন জানিয়েছেন।