নওগাঁ, বাংলাদেশ | ১৪ মার্চ ২০২৬
নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং মাস্টারপাড়া এলাকার ট্রাক্টরচালক জসীম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টানানোর সময় তাকে একটি সাপ কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়।
তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মেহেদী হাসান মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”