ঢাকা, বাংলাদেশ | ১৪ মার্চ ২০২৬
ঢাকা মহানগরীতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে পরিবহনের ঝুঁকি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সার্ভিস চালু রেখেছে। নগরবাসীকে এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্রে জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা বা ব্যক্তি পর্যায়ে বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান স্বর্ণালংকার এক স্থানে অন্য স্থানে পরিবহনের সময় ছিনতাই বা ডাকাতির ঝুঁকি থাকে। এই ঝুঁকি কমাতে পুলিশের নিরাপত্তা সহায়তায় মানি এস্কর্ট সার্ভিস প্রদান করা হচ্ছে।
এই সেবার মাধ্যমে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে পরিবহনকালীন নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধের ঝুঁকিও অনেকাংশে কমে আসে।
নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস নিতে আগ্রহীরা ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ডিএমপির মুখপাত্র, উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে ঝুঁকি এড়াতে নাগরিকদের এই সেবা গ্রহণ করা উচিত। এতে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের কার্যক্রমও আরও কার্যকর হবে।”