বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, তেহরান যদি সামরিকভাবে পরাজিত হওয়ার বিষয়টি মেনে নিতে ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর আঘাত হানবেন।
এক সংবাদ সম্মেলনে লেভিট সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ধাপ্পাবাজি করেন না এবং তিনি কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। ইরানের আর ভুল হিসাব করা উচিত নয়।”
তিনি বলেন, “যদি ইরান বর্তমান বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, যদি তারা বুঝতে না পারে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের ওপর আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠিন আঘাত হানা হয়।”
প্রাথমিক প্রতিক্রিয়া নেতিবাচক হওয়া সত্ত্বেও, ইরান এখনও যুদ্ধ শেষ করার একটি মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে, বুধবার রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এতে বোঝা যায় যে, তেহরান এখন পর্যন্ত প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেনি।
লেভিট বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলছে। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।”