প্রকাশ, ২৯ মার্চ ২০২৬
আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য পরীক্ষা কক্ষে ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানো হবে। কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের ১১ দফা বিশেষ নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকার নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা বাধ্য থাকবেন।
১১ দফা নির্দেশনা সংক্ষেপে:
১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন।
২. অচল/অকেজো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বে সচল করা।
৩. ভিডিও সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সরবরাহ।
৪. প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো।
৫. পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন।
৬. কেন্দ্রসচিব ব্যতীত কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করতে পারবে না।
৭. পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে প্রবেশের অনুমতি, মেয়েদের জন্য মহিলা শিক্ষক দ্বারা তল্লাশি।
৮. কেন্দ্রের প্রধান ফটকে বিশেষ নির্দেশনা টাঙানো।
৯. পরিষ্কার পরিচ্ছন্ন ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা।
১০. শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ।
১১. সব নির্দেশনা প্রতিপালনে কোনো অবহেলা হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
এ নির্দেশনার মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায়, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত হবে।