প্রকাশ, ২৯ মার্চ ২০২৬
লেবাননে ইসরাইলের হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত গুপ্তহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।
আরাগচি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বলেন, এই হত্যাকাণ্ড ‘শুধু এই অঞ্চল ও বিশ্বের গণমাধ্যমের জন্য একটি গভীর ক্ষতি নয়, বরং বিশ্ব বিবেকের জন্যও একটি গুরুতর সতর্কবার্তা’। তিনি আরও বলেন, ‘এই কাজটি, যা স্পষ্টতই একটি পরিকল্পিত গুপ্তহত্যা এবং এর উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিবিশেষকে নির্মূল করার চেয়ে বেশি কিছু। এটি সত্যকে ভয় দেখানো এবং যারা সত্য কথা বলে তাদের কণ্ঠরোধ করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা।’
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গণমাধ্যম পেশাজীবীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরাইলের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা আন্তর্জাতিক আইন ও কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
সূত্র: আল জাজিরা