প্রকাশ : ৩০ মার্চ ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানে মাদক, ধারালো অস্ত্র ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, রোববার (২৯ মার্চ) দিনভর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে রাত ৯টা থেকে চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ীতে গ্রেফতার ও উদ্ধার
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আঃ গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মোঃ ইয়াছিন (২৬), মোঃ সাদ্দাম (৩২), মোঃ আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ (১৯) ও মোঃ মামুন মিয়া (২৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
ডিবির ব্লক রেইডে ২১ জনের গ্রেফতার ও সাজা
লালবাগ বিভাগের ডিবি পুলিশ চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছেন: সালাউদ্দিন (৪২), মোঃ রুবেল (২৩), তারেক (২৪), মোঃ রায়হান পাঠান (৩০), মোঃ ইকবাল হোসেন (৪২), মোঃ রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মোঃ সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মোঃ হান্নান (৪৫), মোঃ ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মোঃ আলাউদ্দিন (২৫) ও মোঃ আল-আমিন (২৩)।
গ্রেফতারের পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে।”