ফতুল্লা, নারায়ণগঞ্জ — ৩১ মার্চ ২০২৬
ফতুল্লা থানার এলাকার ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী থেকে মাটি উত্তোলন করে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গ্র্যাব ড্রেজার ব্যবহার করে প্রকাশ্যে এই কার্যক্রম চললেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ মোহনা ও ধলেশ্বরী নদীর বক্তাবলী ঘাট এলাকায় প্রতিদিন প্রায় দেড় লাখ ফুট মাটি উত্তোলন করে স্থানীয় ইটভাটায় বিক্রি করা হচ্ছে। নদী ড্রেজিং করার অনুমতি না থাকলেও কিছু সরকারি কর্মকর্তাদের সাহায্যে সিন্ডিকেটটি কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ধলেশ্বরী নদীতে মাটি কাটা হচ্ছে বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুবদলের সভাপতি মোজাম্মেল ও বিএনপি নেতা মাসুমের নেতৃত্বে। এছাড়া আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান বন্টিও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।
ফতুল্লার ধর্মগঞ্জ অংশে কোন্ডা ইউনিয়নের নেতা শাহজালাল, রতন, ইমরান ও সেলিমও অবৈধভাবে মাটি উত্তোলনে যুক্ত। গ্র্যাব ড্রেজার দিয়ে গড়ে দিনে ১৫ ট্রলার মাটি উত্তোলন হয়, যা নদীর দুপাশের ফসলি জমি ও রাস্তাঘাটের জন্য চরম ঝুঁকি তৈরি করছে।
নদী থেকে অবৈধ মাটি উত্তোলনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুষ্টিমেয় কয়েকজন প্রভাবশালী লোক নিজের আর্থিক ফায়দার জন্য নদী থেকে মাটি উত্তোলন করছে, যা নদীর তীরবর্তী ঘরবাড়ি ও জনপদ বিলীন হওয়ার আশঙ্কা তৈরি করছে।”
বিআইডব্লিউটিএর পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান মন্তব্য দিতে রাজি হননি। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, তিনি দুই সপ্তাহ আগে যোগ দিয়েছেন এবং মাটি উত্তোলনের বিষয়ে খোঁজ নিয়ে কঠোর ব্যবস্থা নেবেন।