প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী নোবেলের জামিন বাতিল করে তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান। তিনি জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও নোবেল তা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল।
অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন তিনি। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি হওয়ার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এর ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি সিদ্দিরগঞ্জ-এর বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।