স্পোর্টস রিপোর্টার, ০২ এপ্রিল ২০২৬
রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারও শুরু হতে যাচ্ছে ব্যাংকারদের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাংকার্স ক্লাব রাজশাহীর আয়োজনে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর মাঠে গড়াবে আগামী ৩ এপ্রিল।
রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি ব্যাংক। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংক-সহ রাজশাহীতে কার্যরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ব্যাংকার্স ক্লাব রাজশাহী ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজশাহীর অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। ব্যাংকাররা সপরিবারে মাঠে এসে খেলা উপভোগ করায় আসরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এবারের আসরে খেলা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখের দিনও ম্যাচ আয়োজন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল।
এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ক্লেমন ক্রিকেট একাডেমি। এর নেতৃত্বে রয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আমার দেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদ মাসুদ পাইলট এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন উর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ নাজিম উদ্দিন।
সব মিলিয়ে ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের এবারের আসরও রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য একটি জমজমাট আয়োজন হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।