প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটন ও তেলআবিবের ধারণা অসম্পূর্ণ।
আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে তাদের মূল্যায়ন অসম্পূর্ণ।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন যে, ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের শুরু করা আগ্রাসনের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।
ইরানি এই সামরিক মুখপাত্র আরও বলেন, তেহরান তার সামরিক পদক্ষেপ আরও জোরদার করবে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ‘আরও চূর্ণকারী, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলা চালানো হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরও কঠোর হামলা চালাবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইরান কার্যত সামরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে।
অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরান বলেছে, যুদ্ধবিরতি চাওয়ার বিষয়ে ওয়াশিংটনের বক্তব্য ‘মিথ্যা ও ভিত্তিহীন’।