প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকার ৩৭ বছর বয়সী ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।
ডুসেন তার বিদায়ী বার্তায় বলেন, “দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কোচ ও মেন্টর হিসেবে দারুণ কিছু উপহার দিতে চাই। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের জন্য দারুণ সম্মান।”
২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডুসেন তিনটি সংস্করণে ১৪৬টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণের ব্যাটে এসেছে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি, এবং সংগ্রহ করেছেন ৪,৯৭০ রান।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেন, “রসি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দারুণ মুহূর্ত উপহার দিয়েছে। সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছ থেকে তার জন্য রয়েছে বিশাল সম্মান। দক্ষিণ আফ্রিকার সেবা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ।”