সমাজে সমতা প্রতিষ্ঠায় শ্রমিক পরিবার থেকে নেতৃত্ব উঠে আসার সুযোগ নিশ্চিতের আহ্বান
ঢাকা
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬
শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা ও নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, “শুধু রাজার ছেলে রাজা হবে—এই ধারণা আমরা মানি না; শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারে।”
প্রতিবেদন
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র যথাযথ ভূমিকা পালন করছে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণের দায় শুধু মালিকদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্রকেও সক্রিয়ভাবে দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, শ্রমঘন এলাকায় সাধারণ হাসপাতালের পাশাপাশি মানসম্মত বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা জরুরি। পাশাপাশি চিকিৎসা ব্যয়ের একটি অংশ মালিকদের বহন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের অবদান তুলে ধরে জামায়াত আমির বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন—সবক্ষেত্রেই শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তাদের ন্যায্য দাবি আজও পূরণ হয়নি।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের বড় একটি অংশ শ্রমিক শ্রেণির বাস্তবতা বোঝে না। “যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তারা শ্রমিকের কষ্ট উপলব্ধি করতে পারে না,”—বলেন তিনি।
মালিক-শ্রমিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শিল্প টিকিয়ে রাখতে উভয়ের মধ্যে সমন্বয় জরুরি। “মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে”—এই ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা।