ইরান ইস্যুতে সহযোগিতা না করায় সমালোচনা; মিত্রদের মধ্যেই নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত
ওয়াশিংটন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর ওপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা না করায় মেলোনির আচরণে ‘মর্মাহত’ বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রতিবেদন
ইতালীয় সংবাদপত্র কোরিয়েরে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তার (মেলোনি) ওপর মর্মাহত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ইতালির অনাগ্রহ নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, কেন ইতালি ইরানের তেল সম্পদ আহরণে কোনো ভূমিকা রাখছে না, তা তার কাছে বোধগম্য নয়। তিনি আরও বলেন, “মানুষ কি এটা পছন্দ করছে, আপনাদের প্রেসিডেন্ট ইরান থেকে তেল পাওয়ার জন্য কিছুই করছেন না?”
সম্প্রতি ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করার এবং তা স্থগিত রাখার ঘোষণা দেয় মেলোনির নেতৃত্বাধীন সরকার। এর পাশাপাশি পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যেরও সমালোচনা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী, যা দুই নেতার মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে।
এ প্রসঙ্গে ট্রাম্প পাল্টা মন্তব্য করে বলেন, “অগ্রহণযোগ্য মূলত সে-ই। কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেল কি না, তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সুযোগ পেলে ইরান খুব অল্প সময়েই ইতালিকে আঘাত করতে পারে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইতালির শীর্ষ নেতৃত্বের মধ্যে এই প্রকাশ্য বাকযুদ্ধ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য নীতিতে সমন্বয়ের প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এখন কেবল প্রতিপক্ষ নয়, বরং মিত্র দেশগুলোর ওপরও চাপ তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র
আল-জাজিরা