মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজারে জোর; ইউরোপসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ
ঢাকা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে নতুন শ্রমবাজার খুঁজে বের করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।
প্রতিবেদন
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিকল্প বাজার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিদেশে কর্মী পাঠাতে বিভিন্ন দেশে লবিস্ট ফার্ম নিয়োগের কথাও জানান তিনি।
তিনি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশ—সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগালসহ ব্রাজিল ও রাশিয়ায় নতুন শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরও আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ডের সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও কাজ এগিয়ে চলছে।
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসূফ আহমেদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। এতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইতোমধ্যে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে এ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সূত্র
জাতীয় সংসদ কার্যবিবরণী